প্রকাশ: ১৭:১৪, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৪, ১৪ অক্টোবর ২০২৫
বিশেষ প্রতিনিধি :
ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধ ও ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে গঠন করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ২৩টি বিশেষ টাস্কফোর্স। গত ৬ অক্টোবর থেকে দেশব্যাপী পরিচালিত এ অভিযানে সাত দিনে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করেছে টাস্কফোর্স।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১২ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে বিনা টিকিটে ভ্রমণ, অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয়সহ বিভিন্ন অপরাধে মোট ৬ হাজার ২৭৮ জন বিনা টিকিট যাত্রী এবং ১ হাজার ৮৫৩ জন অন্যের আইডি ব্যবহারকারী যাত্রীকে শনাক্ত করা হয়।এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ৩ হাজার ২৫৭ জন বিনা টিকিট যাত্রী ও ৯৮৬ জন অন্যের আইডি ব্যবহারকারীকে শনাক্ত করে ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ভাড়া এবং ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা জরিমানা, মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।
অন্যদিকে পশ্চিমাঞ্চলে ৩ হাজার ২১ জন বিনা টিকিট যাত্রী ও ৮৬৭ জন অন্যের আইডি ব্যবহারকারীকে শনাক্ত করে ৭ লাখ ৫৪ হাজার টাকা ভাড়া এবং ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা জরিমানা, মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়।
অভিযান চলাকালে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সন্দেহে ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়।বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী জানান, টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাত্রীদের টিকিটে মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র যাচাই করছেন। টিকিটবিহীন বা অন্যের আইডিতে ভ্রমণকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পূর্বাঞ্চলে ১৩টি এবং পশ্চিমাঞ্চলে ১০টি—মোট ২৩টি টাস্কফোর্সের কার্যক্রম নিয়মিতভাবে চলবে। রেলওয়ের স্বচ্ছতা ও যাত্রীসেবার মানোন্নয়নে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।