ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা সাপ্তাহিক বন্ধ প্রত্যাহারসহ কিছু উদ্যোগ রেলের

প্রকাশ: ১০:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা সাপ্তাহিক বন্ধ প্রত্যাহারসহ কিছু উদ্যোগ রেলের

বিশেষ প্রতিবেদক :

ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে একগুচ্ছ বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রয়েছে-আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার, মনিটরিং সেল গঠন, গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কড়া তদারকি, রেলপথ ও সেতুতে বিশেষ নিরাপত্তা, রিলিফ ট্রেন প্রস্তুত রাখা এবং ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চালানো। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে।নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি দেওয়া হবে। গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকরা সরাসরি তদারকি করবেন।
দুর্ঘটনা প্রতিরোধে রেলপথ পেট্রোলিং জোরদার করা হবে। রেলসেতুর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরীক্ষা সম্পন্ন করা হবে। দুর্ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিতে রিলিফ ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
আগামী ১৯ মার্চ রাত ১টার পর থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকেটবিহীন যাত্রী প্রবেশ রোধে সার্বক্ষণিক প্রহরা থাকবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধেও নিরাপত্তা জোরদার করা হবে।অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ। অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
বিশেষ নির্দেশনায় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ডযোগ্য না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট বিক্রির নামে ফেসবুক লিংক বা ভুয়া অফার দেখা গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন