ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

রিয়াদ থেকে ২ ঘণ্টায় দোহা, ৩০০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন

প্রকাশ: ১০:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রিয়াদ থেকে ২ ঘণ্টায় দোহা, ৩০০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন

বিশেষ প্রতিবেদক :

সৌদি আরব ও কাতার তাদের রাজধানীর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে। রিয়াদ ও দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির বৈদ্যুতিক বুলেট রেল যোগাযোগ প্রকল্প অনুমোদন পেয়েছে।

সৌদি আরবের মন্ত্রিসভা এই প্রকল্প বাস্তবায়নে চুক্তি অনুমোদন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ আল-জাসসার এবং কাতারের পরিবহন মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি চুক্তিতে সই করেন।

৭৮৫ কিলোমিটার দীর্ঘ রেললাইন রিয়াদ ও দোহাকে সংযুক্ত করবে। রেললাইনটি যাবে আল-হোফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্য দিয়ে।

সৌদি আরবের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরও এই রেল নেটওয়ার্কের আওতায় থাকবে।ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতিতে চলা বুলেট ট্রেনের মাধ্যমে দুই দেশের রাজধানীর মধ্যে যাত্রীদের ভ্রমণের সময় কমে আসবে প্রায় ২ ঘন্টায়।

এ প্রকল্প দুই দেশের জিডিপিতে প্রায় ১১ হাজার ৫০০ কোটি রিয়াল রাজস্ব যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

কাতারের পরিবহন মন্ত্রণালয় বলছে, আধিুনিক এই রেল নেটওয়ার্ক জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ)-ভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক উন্নয়ন, সংযোগ ও সংহতি জোরদার করবে।

এছাড়া এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ৩০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হতে ছয় বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক প্রকৌশলবিদ্যা, সবচেয়ে ভাল প্রযুক্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রেখে এই রেলপথ নির্মাণ করা হবে।

ফলে এতে কেবল ভ্রমণই সহজ হবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে এটি পরিবেশবান্ধব হবে এবং টেকসই যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করবে।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন