প্রকাশ: ১৮:১১, ৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:১১, ৫ জানুয়ারি ২০২৬
বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশল দপ্তরের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাজশাহী সহকারী পরিচালক আমির হোসাইন সোমবার (৫ জানুয়ারি) দুদকের রাজশাহী সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, সিআরবি চট্টগ্রামের অধীনে প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) দপ্তরে কর্মরত থাকাকালে সৈয়দ আবজুরুল হক খালাসি পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আটজন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ৬৫ লাখ টাকা গ্রহণ করেন।দুদকের নথি অনুযায়ী, ২০১৩ ও ২০১৫ সালে বাংলাদেশ রেলওয়েতে ৮৬৫টি খালাসি পদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিকে পুঁজি করে অভিযুক্ত কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করার কথা বলে অর্থ নেন। অভিযোগকারী পশ্চিমাঞ্চল রেলওয়ের সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা ওয়ালি খান এসএ পরিবহন রাজশাহী শাখার মাধ্যমে এই অর্থ পাঠান।
দুদকের অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে অর্থ লেনদেনের সত্যতা মিলেছে বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়া ২০১৯ সালের ৭ জুলাই নোটারি করা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অভিযুক্ত সৈয়দ আবজুরুল হক অর্থ গ্রহণ ও তা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা প্রদান করেন।মামলায় আরও বলা হয়, অভিযুক্ত বর্তমানে চট্টগ্রামের উত্তর পাহাড়তলি এলাকায় বসবাস করেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
দুদক সূত্র জানায়, মামলাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।