ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত অন্তত ২২!!

প্রকাশ: ১২:০৪, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৪, ১৪ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত অন্তত ২২!!

আন্তর্জাতিক :

থাইল্যান্ডে নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাত্রা করছিল।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, পথিমধ্যে নির্মাণাধীন একটি উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং দুর্ঘটনার পরপরই কিছু অংশে আগুন ধরে যায়।

নাখোন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং বার্তাসংস্থা এএফপি–কে জানান, ‘এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।’ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। পুলিশ জানায়, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ধাতব কাঠামো কেটে কাজ করছেন।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেল সংস্থা স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী ১৯৫ জন যাত্রীর নাম তালিকাভুক্ত ছিল। তবে বাস্তবে ট্রেনে থাকা যাত্রীর সংখ্যা কম বা বেশি হতে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

এদিকে দুর্ঘটনার পর থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন এ ঘটনায় একটি পূর্ণাঙ্গ ও সর্বাত্মক তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ, নির্মাণকাজে কোনো গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে মানা হয়েছিল কি না—সব দিক তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

এই দুর্ঘটনায় থাইল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের অবহিত করার কাজ চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন