প্রকাশ: ১০:৩৫, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩৫, ২০ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক:
স্পেনে একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অন্য লাইন ধরে এগিয়ে আসা আরেকটি উচ্চগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহতের ঘটনার পর দুর্ঘটনাস্থলে রেললাইনের ভাঙা অংশ জোড়া লাগানো অবস্থায় খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।
দুর্ঘটনার প্রাথমিক তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছে এক সূত্র। রেললাইন পরীক্ষা-নিরীক্ষা করতে ঘটনাস্থলে যাওয়া টেকনিশিয়ানরা লাইনের দুটি অংশের জয়েন্টে লোহার পাতে ক্ষয় দেখতে পান।রেললাইনের এই ত্রুটিপূর্ণ জয়েন্টের কারণে লাইনের দুই অংশের মাঝখানে ফাঁক থেকে গিয়েছিল। রেললাইনটিতে ট্রেন চলাচল করতে থাকার ফলে সেই ফাঁক আরও বেড়ে গিয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে রেললাইনের এই ত্রুটিপূর্ণ জয়েন্টের বিষয়টি খতিয়ে দেখাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন টেকনিশিয়ানরা।
দুর্ঘটনা সামগ্রিক তদন্তের দায়িত্বে থাকা স্পেনের ‘কমিশন অব ইনভেস্টিগেশন অব রেল একসিডেন্টস’ (সিআইএএফ) এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।
স্পেনের রেল অপারেটর আডিফ এবং দেশটির পরিবহন মন্ত্রণালয়ও এখনও কোনও মন্তব্য করেনি।
রোববার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঘটে দুর্ঘটনা। দুই ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত ট্রেনটির ধাক্কায় দ্বিতীয় ট্রেনটি লাইন থেকে ছিটকে একটি বাঁধের কাছে গিয়ে পড়ে।রাজধানী মাদ্রিদ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণে আন্দালুসিয়া অঞ্চলের কর্দোবা শহরের কাছে আদামুজে দুর্ঘটনাটি ঘটেছে। স্পেনের রেল নেটওয়ার্ক জানায়, ওই সময় দুই ট্রেনে প্রায় চারশ যাত্রী ও কর্মী ছিলেন।
সূত্রমতে, প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে, প্রথম ট্রেনটি জোড়া দেওয়া রেললাইনের ফাঁকের ওপর দিয়ে চলে যায়। কিন্তু ট্রেনের অষ্টম এবং শেষ বগি লাইনচ্যুত হয়। ষষ্ঠ এবং সপ্তম বগিও তার সঙ্গে লাইনচ্যুত হয়।ছবিতেও লাইনের ফাঁক চোখে পড়েছে। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্টে বলছেন, রেললাইন গতবছর মে মাসেই মেরামত করে পুরোপুরি নতুন করে তৈরি করা হয়েছিল আর ট্রেনটিও বেশিদিনের পুরোনো ছিল না।
ট্রেন প্রস্তুতকারক হিতাচি রেলও গত ১৫ জানুয়ারিতে ট্রেনের নিয়মিত পরীক্ষা ও মেরামতির সময় কোনও ত্রুটি খুঁজে পায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ওই সূত্র।