শিরোনাম
প্রকাশ: ১৪:৪৪, ১৭ জুলাই ২০২৬
ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেন্নাইভিত্তিক ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি নির্মিত এই ট্রেনটি হরিয়ানার জিন্দ ও সোনিপতের মধ্যে ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে চলাচল করবে। রুটটি উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশনের আওতাধীন। এই ট্রেন চালুর মাধ্যমে ভারত জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর রেল প্রযুক্তি নিয়ে কাজ করা দেশগুলোর কাতারে যোগ দিল। সম্প্রতি সুইজারল্যান্ডও একটি হাইড্রোজেনচালিত ট্রেন উন্মোচন করেছে, তবে সেটি ন্যারো গেজ রেলপথের জন্য তৈরি।
ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, হরিয়ানার জিন্দ-সোনিপত সেকশনকে এই প্রকল্পের পাইলট রুট হিসেবে নির্বাচন করা হয়েছে। ট্রেনটির জন্য জিন্দে দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে সংকুচিত হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন।
ট্রেনটিতে রয়েছে দুটি হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার এবং আটটি ট্রেলার কোচ। প্রতিটি পাওয়ার কারে ফুয়েল সেল, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং হাইড্রোজেন সংরক্ষণ সিলিন্ডার রয়েছে। এই তিনটি ব্যবস্থা একসঙ্গে ট্রেনের ট্র্যাকশন শক্তি সরবরাহ করে এবং বিভিন্ন পরিচালনাগত পরিস্থিতিতেও নির্ভরযোগ্যভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে। ট্রেনের দুই প্রান্তে থাকা দুটি পাওয়ার কারের প্রতিটি ১২০০ কিলোওয়াট বা ১৬০০ অশ্বশক্তি ক্ষমতা উৎপন্ন করতে পারে। সম্মিলিতভাবে এগুলো ট্রেনটিকে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চালাতে সক্ষম।