ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৩১ আষাঢ় ১৪৩৩

মাঠের বাইরেও বিশ্বকাপের উন্মাদনা, বদলানো হলো রেলস্টেশনের নাম

প্রকাশ: ০৩:৫৬, ১৬ জুলাই ২০২৬

মাঠের বাইরেও বিশ্বকাপের উন্মাদনা, বদলানো হলো রেলস্টেশনের নাম

বিশ্বকাপের সেমিফাইনালকে ঘিরে ইংল্যান্ডে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমর্থকদের উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা যোগ করতে দেশটির চেশায়ারের হোমস চ্যাপেল রেলস্টেশনের নাম সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। নতুন সাইনবোর্ডে এখন লেখা রয়েছে— ‘ইটস কামিং হোমস চ্যাপেল’।

ইংল্যান্ড ফুটবল দলের বিখ্যাত স্লোগান ‘ইটস কামিং হোম’-এর সঙ্গে মিল রেখে এই ব্যতিক্রমী নামকরণ করেছে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান নর্দার্ন রেল। সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে নেওয়া এই উদ্যোগ ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

 

নর্দার্ন রেলের বাণিজ্যিক পরিচালক অ্যালেক্স হর্নবি জানান, ম্যাচ দেখতে যাওয়া যাত্রীদের জন্য একটু ভিন্ন অভিজ্ঞতা তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। তার ভাষায়, ‘আমরা চেয়েছিলাম মানুষ স্টেশনে এসে এমন কিছু দেখুক, যা তাদের মুখে হাসি ফোটাবে। চলো ইংল্যান্ড—ইটস কামিং হোমস চ্যাপেল।’

‘ইটস কামিং হোম’ ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতির সবচেয়ে পরিচিত স্লোগানগুলোর একটি। ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ উপলক্ষে তৈরি একটি গানের মাধ্যমে এটি জনপ্রিয়তা পায়। তখন এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডে বড় কোনো আন্তর্জাতিক ফুটবল আসর আয়োজনের বিষয়টি তুলে ধরা হয়েছিল। এখন একই স্লোগান নতুন করে উচ্চারিত হচ্ছে, কারণ প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হলে স্টেশনটির নাম আগের ‘হোমস চ্যাপেল’ নামেই ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন