ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

আগামীকাল থেকে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

মো: মোতাহার হোসেন সরকার

প্রকাশ: ২২:৫৮, ১৫ মার্চ ২০২৬

আগামীকাল থেকে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

গত ২৫ ফেব্রুয়ারি রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে না। একইসঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী কোনো আন্তঃনগর ট্রেনের টিকিটও বিক্রি করা হবে না।

অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের বড় বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন এবং রেললাইনে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে সকল ট্রেনের অফ-ডেও সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে ঈদের পূর্বদিন কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। এসব ট্রেনের মধ্যে রয়েছে ৭০৬ ডাউন একতা এক্সপ্রেস (পঞ্চগড়–ঢাকা), ৭৭২ ডাউন রংপুর এক্সপ্রেস (রংপুর–ঢাকা), ৭২৫ আপ সুন্দরবন এক্সপ্রেস (খুলনা–ঢাকা), ৭৬৬ ডাউন নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি–ঢাকা), ৭৭০ ডাউন ধূমকেতু এক্সপ্রেস (রাজশাহী–ঢাকা), ৮০৩ আপ বাংলাবান্ধা এক্সপ্রেস (রাজশাহী–পঞ্চগড়), ৮১০ ডাউন বুড়িমারী এক্সপ্রেস (বুড়িমারী–ঢাকা) এবং ২৫ আপ নকশীকাঁথা কমিউটার (খুলনা–ঢাকা)।

এছাড়া ঈদের আগের দিন পঞ্চগড় থেকে ৭৯৪ ডাউন পঞ্চগড় এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও সেটি ৭৯৩ আপ হয়ে পঞ্চগড়ে ফিরে আসবে না। ট্রেনটির রেক ঢাকার কমলাপুর স্টেশনেই অবস্থান করবে এবং ঈদের পরের দিন এটি ৭০৫ আপ একতা এক্সপ্রেস হিসেবে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করবে।

ঈদের দিন বাংলাদেশ রেলওয়ের সব রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে শুধু ২৫ আপ নকশীকাঁথা কমিউটার ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করবে।

ঈদের পরের দিন থেকে অফডে বাদে সকল ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে রয়েছে একতা, করতোয়া, বুড়িমারী, কপোতাক্ষ, তিতুমীর, সীমান্ত, মধুমতী, পদ্মা, ধূমকেতু, সুন্দরবন, ঢালাচর, জাহানাবাদ, টুঙ্গিপাড়া, পঞ্চগড় এবং বাংলাবান্ধা এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের ট্রেন। পাশাপাশি সব রুটের মেইল, কমিউটার, লোকাল ও মিক্সড ট্রেনও যথাযথভাবে চলাচল করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন