শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১১:০৪, ৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৫, ৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লালমনিরহাট বিভাগে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের এডিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) এর কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটে কর্মরত সহকারী পরিবহন কর্মকর্তা-১ (এটিও-১) মোঃ ফারুকুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এডিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোঃ আনোয়ার হোসেন।
অভিযোগের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে একটি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন এবং ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তদন্ত কার্যক্রম শুরু হয়। ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয় তুলে ধরা হয়।তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগীয় পরিবহন কর্মকর্তার অধীনে কর্মরত সংশ্লিষ্ট দুইজন কর্মকর্তাকে সশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন—লালমনিরহাটের সহকারী পরিবহন কর্মকর্তা-১ মোঃ ফারুকুল ইসলাম এবং রংপুরের টিএনসি বাদশা আলম।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, শুনানির নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য-প্রমাণ, কাগজপত্র ও আনুষঙ্গিক উপাত্তসহ উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা ও ছাড়পত্র দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।