শিরোনাম
মো: মোতাহার হোসেন সরকার
প্রকাশ: ১৯:৪৩, ১২ মার্চ ২০২৬
নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদের সময় বাংলাদেশ রেলওয়ে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে প্রতিবছরই কয়েকটি ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করে থাকে। এর ফলে একদিকে যেমন অতিরিক্ত যাত্রীচাপ কিছুটা কমে, অন্যদিকে রেলওয়ের রাজস্ব আয়ও বৃদ্ধি পায়।
প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন রুটে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম, ঢাকা–দেওয়ানগঞ্জ–ঢাকা, ভৈরববাজার–কিশোরগঞ্জ–ভৈরববাজার, ময়মনসিংহ–কিশোরগঞ্জ–ময়মনসিংহ এবং জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর রুট।
তবে দুঃখজনক, জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত কোনো ঈদ স্পেশাল ট্রেন এবারও চালু করা হচ্ছে না।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী দায়িত্বে থাকাকালীন সময়ে সর্বশেষ ২০২৩ সাল পর্যন্ত জয়দেবপুর–পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করত। কিন্তু ২০২৪ সাল থেকে সেই সার্ভিস বন্ধ রয়েছে। পরবর্তীতে জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত ঈদ স্পেশাল চালানো হলেও পঞ্চগড় পর্যন্ত আর বাড়ানো হয়নি।
এর ফলে পঞ্চগড়গামী যাত্রীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ঈদের সময় বিপুলসংখ্যক মানুষ ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাড়ি ফেরেন। কিন্তু সরাসরি ঈদ স্পেশাল ট্রেন না থাকায় তাদেরকে নিয়মিত ট্রেন কিংবা বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে, যা অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
যাত্রীদের দাবি, যখন দেশের অন্যান্য রুটে ঈদ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে, তখন উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পঞ্চগড় রুটটিকেও এই সুবিধার আওতায় আনা উচিত। এতে যাত্রীদের ভোগান্তি কমবে এবং রেলওয়ের আয়ও বাড়বে।
ঈদ স্পেশাল ট্রেন বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদ রেল নিউজ ২৪-কে জানান, সাবেক রেলমন্ত্রী থাকাকালীন সময়ে জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ঈদ স্পেশাল ট্রেন চলাচল করত। কিন্তু মন্ত্রী পরিবর্তনের পর আর এই রুটে ঈদ স্পেশাল চালু করা হয়নি। বর্তমানে যদি কোনো ঈদ স্পেশাল চলে, তা জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
এদিকে পঞ্চগড়ের সহ ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর সাধারণ যাত্রীরা আশা করছেন, ভবিষ্যতে আবারও জয়দেবপুর–পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল ট্রেন চালু করা হয়, যাতে ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হয়।