শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৫, ১২ মার্চ ২০২৬
ট্রেনে ভুলে ফেলে যাওয়া স্বর্ণালঙ্কারসহ একটি ট্রাভেল ব্যাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে মারুফ হোসেন মুন্না নামে এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন-এ জয়দেবপুর থেকে উঠে জামালপুর রেলওয়ে স্টেশন-এ নেমে পড়েন।
তবে অসাবধানতাবশত ট্রেনের ‘ঘ’ বগির ৩২ নম্বর আসনের ওপরের তাকে তার ট্রাভেল ব্যাগটি রেখে নেমে যান।
তিনি জানান, ব্যাগটির ভেতরে নতুন তৈরি একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় ছিল। পরে বিষয়টি বুঝতে পেরে ব্যাগটি উদ্ধারে ৯৯৯-এ সহায়তা চান।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল তুষার মামুন ফোনটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং দেওয়ানগঞ্জ রেলওয়ে থানাকে জানায়। পুরো উদ্ধার তৎপরতার সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার উপপরিদর্শক হরলাল রায়।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন-এ পৌঁছালে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে কলার মারুফ হোসেন মুন্নাকে বিষয়টি জানানো হলে তিনি থানায় গিয়ে তার ব্যাগটি বুঝে নেন।
দ্রুত পদক্ষেপের মাধ্যমে হারানো ব্যাগ উদ্ধার হওয়ায় তিনি ৯৯৯ সেবা ও রেলওয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।