শিরোনাম
নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৬:২৮, ১৩ মার্চ ২০২৬
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বেচাকেনা ও টিকিটবিহীন যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ও যাত্রীরা।
অনুসন্ধানকালে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় কিছু ব্যক্তিকে প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করা হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন উপস্থিত কয়েকজন।স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, মাদক বিক্রির বিষয়টি জানানো হলে পুলিশ সদস্যরা পরে আসবেন বলে জানান। তবে পরবর্তীতে ঘটনাস্থলে তাদের উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মাদক বিক্রির সাথে জড়িত কয়েকজন ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির ঘটনাও ঘটে বলে জানা যায়।
অন্যদিকে স্টেশনে টিকিটবিহীন যাত্রী পরিবহনের অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি যাত্রীদের সিটের প্রলোভন দেখিয়ে ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে ট্রেনে তুলে দিচ্ছেন। এ ধরনের লেনদেনের কোনো সরকারি রসিদ বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, “বিষয়টি দুঃখজনক। কিছু ক্ষেত্রে গেট থেকে কয়েকজন যাত্রীকে একসঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অনিয়ম ঠেকাতে আমরা নিয়মিত টিকিট চেকিং জোরদার করছি।”
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সাব-ইন্সপেক্টর শাহজাহান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় যাত্রীদের দাবি, স্টেশন এলাকায় মাদক ও অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।