ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ঈদযাত্রা

অগ্রিম ট্রেন টিকিট বিক্রি: আধা ঘন্টায় সাইটে ১ কোটির বেশি হিট

সেলিমুর রহমান

প্রকাশ: ১৪:০০, ৬ মার্চ ২০২৬

অগ্রিম ট্রেন টিকিট বিক্রি: আধা ঘন্টায় সাইটে ১ কোটির বেশি হিট

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার টিকিট বিক্রির চতুর্থ দিনে ১৬ মার্চের টিকিট বিক্রি শুরু হতেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ তৈরি হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র আধাঘণ্টার মধ্যেই সাইট ও অ্যাপে ১ কোটির বেশি হিট পড়েছে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে শুধু পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা প্রায় ১ কোটি ৫ লাখ বার ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশের চেষ্টা করেছেন।

চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় অল্প সময়ের মধ্যেই উত্তর ও পশ্চিমাঞ্চলমুখী অধিকাংশ ট্রেনের আসন শেষ হয়ে যায়।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনে মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারাদেশে সব মিলিয়ে ট্রেনের মোট আসনসংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫২৮টি।তবে বিপুল সংখ্যক যাত্রীর চাহিদার তুলনায় এই আসনসংখ্যা খুবই কম। সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী ১৪ হাজার ৪৪৩টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ের মধ্যে সারাদেশে মোট ২০ হাজার ৩৩২টি আসনের টিকিট বিক্রি সম্পন্ন হয়।

বেলা ১১টার দিকে রেলওয়ের ওয়েবসাইটে দেখা যায়, ১৬ মার্চের জন্য ঢাকা-রাজশাহী রুটের পাঁচটি, ঢাকা-পঞ্চগড়ের তিনটি, ঢাকা-চিলাহাটি ও ঢাকা-বেনাপোল রুটের দুটি করে, ঢাকা-দিনাজপুরের তিনটি, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম এবং ঢাকা-খুলনা রুটের কয়েকটি ট্রেনের কোনো আসন আর অবশিষ্ট নেই।

এদিকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি সকালে শুরু হলেও পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার দুপুর ২টা থেকে। সার্ভারের ওপর চাপ কমাতে টিকিট বিক্রিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রার সাত দিন আগে অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। সেই অনুযায়ী ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন