শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার থেকে ঢাকাগামী ৮১৩ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, ট্রেনটি দোহাজারী অতিক্রম করার পর WEC-২৪৫৩ কোচের ৫/৬ নম্বর সিটের পাশের জানালায় বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। এতে জানালার পাশে থাকা এক যাত্রীর কনুইতে পাথরের আঘাত লাগে। আঘাতে তার কনুই রক্তাক্ত হয়ে যায়।
পরে ট্রেনে থাকা স্টুয়ার্ট ম্যানেজার মাইনুল ইসলাম তুহিন আহত যাত্রীকে তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড দেন।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। এর আগে গত ৭ আগস্ট কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া ইসলাম দিঘী (১৪) গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ অনুযায়ী, চলন্ত ট্রেনে নিক্ষেপ করা পাথর তার মুখে আঘাত করলে মাড়ির হাড় ভেঙে যায় এবং দাঁতেও গুরুতর ক্ষতি হয়। বর্তমানে তার চিকিৎসা ও অস্ত্রোপচার নিয়ে পরিবারটি আর্থিক চাপে রয়েছে।
দিঘীর পরিবার ঘটনার তদন্ত করে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি আহত শিক্ষার্থীর চিকিৎসায় রেলওয়ের পক্ষ থেকে সহযোগিতা বা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
এদিকে, ৮১৩ কক্সবাজার এক্সপ্রেসে নতুন করে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ শুধু যাত্রীদের আহতই করছে না, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।