ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩

লাউয়াছড়া বাগানে হুইল স্লিপ, পাহাড়িকা এক্সপ্রেসের ৭ বগি বিচ্ছিন্ন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:২৪, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৪, ২ অক্টোবর ২০২৬

লাউয়াছড়া বাগানে হুইল স্লিপ, পাহাড়িকা এক্সপ্রেসের ৭ বগি বিচ্ছিন্ন

লাউয়াছড়া বাগান পাহাড়িকা এক্সপ্রেস

চট্টগ্রাম অভিমুখী ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেসের লোকোমোটিভে হুইল স্লিপের কারণে লাউয়াছড়া বাগান এলাকায় ট্রেনটি পাহাড় অতিক্রম করতে ব্যর্থ হওয়ার পর সাতটি কোচ বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে গেছে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ভানুগাছ স্টেশনে প্রবেশ করে এবং ১২টা ৫০ মিনিটের দিকে স্টেশন ছেড়ে লাউয়াছড়া বাগান এলাকায় পৌঁছায়।

এ সময় লোকোমোটিভ ৩০২১-এর হুইল স্লিপের কারণে ট্রেনটি পাহাড় অতিক্রম করতে ব্যর্থ হয়। পরে লোকোমাস্টার তাজুল ইসলাম, ট্রাবল শুটার ইমরান ও কর্তব্যরত এটেনডেন্টদের সহযোগিতায় চাকার নিচে বালু প্রয়োগ করে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে ট্রেনটি পাহাড় অতিক্রম করতে সক্ষম হয়।

তবে এ সময় লোকোমোটিভে অতিরিক্ত বাম্পিং ও হিটের সৃষ্টি হওয়ায় ২৯৫/১ কিলোমিটার এলাকার পেছন দিক থেকে সাতটি কোচ বিচ্ছিন্ন হয়ে যায়। কোচগুলো পেছনে পড়ে থাকলেও ট্রেনটি লাগেজবগিসহ ১১টি কোচ নিয়ে লাউয়াছড়া বাগানের দক্ষিণ পাশে ২৯৫/৩ কিলোমিটার পর্যন্ত এগিয়ে আসে। ওই স্থানটি শ্রীমঙ্গল স্টেশন থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার পূর্বে।

ঘটনায় কোনো যাত্রী হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটির ইলেকট্রিক কেবল ও বগির কাপলিং হুক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পেছনে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা সাতটি কোচ উদ্ধারে রেলওয়ের পক্ষ থেকে চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১টি কোচ নিয়ে পাহাড়িকা এক্সপ্রেসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন