শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:০০, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:০০, ২ অক্টোবর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। বিকেল পাচ পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। ট্রেনে কাটা পড়ায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার রুহুল আমিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়েন। ঘটনার পর যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিহতের পরিচয় শনাক্তে সংশ্লিষ্টরা কাজ করছেন।