শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:৪৬, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৬, ২ অক্টোবর ২০২৬
ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর ফেলে যাওয়া হ্যান্ডব্যাগ উদ্ধার করে মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বপ্নীল অ্যাসোসিয়েটের স্টুয়ার্ড সোহেল রানা।
১ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ‘ঢ’ বগিতে ভ্রমণরত এক যাত্রী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার সময় অসাবধানতাবশত তাঁর হ্যান্ডব্যাগটি ট্রেনে রেখে যান। পরবর্তীতে দায়িত্ব পালনকালে বগির স্টুয়ার্ড সোহেল রানা ব্যাগটি দেখতে পেয়ে তা উদ্ধার করেন।
ব্যাগটি পাওয়ার পর সোহেল রানা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ড ম্যানেজারকে অবহিত করেন। পরে কমলাপুর জিআরপি থানার ওসি জয়নাল সাহেবের সহযোগিতায় বিমানবন্দর থানার এসআই কামালের মাধ্যমে ব্যাগটির প্রকৃত মালিককে শনাক্ত করা হয়।
পরবর্তীতে যাত্রীর উপস্থিতিতে তাঁর হ্যান্ডব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়। ব্যাগের মধ্যে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ জরুরি কাগজপত্র ছিল।
নিজের হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে ওই যাত্রী স্টুয়ার্ড সোহেল রানা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
দায়িত্বের প্রতি নিষ্ঠা, সততা ও মানবিকতার এমন দৃষ্টান্ত রেলযাত্রীদের নিরাপদ ও আস্থাশীল যাত্রার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।