ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

২৯ আষাঢ় ১৪৩৩

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশ: ০১:০৯, ১৪ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার পর সে চলন্ত অবস্থায় ওঠার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত পা পিছলে লাইনে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে আহাম্মদ আলী (১৭) নামের এক কিশোর হকারের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আহাম্মদ আলী পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে। পরিবারের অভাব-অনটনের কারণে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে সে বিভিন্ন ট্রেনে পপকর্ন বিক্রি করত।

 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে আহাম্মদ আলী চাটমোহর রেলস্টেশন থেকে একটি ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস স্টেশনে আসে। পরে সেখানে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার পর সে চলন্ত অবস্থায় ওঠার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত পা পিছলে লাইনে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার দিনমজুর বাবা-মা। কিশোর আহাম্মদ আলীর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় যাত্রী ও সচেতন মহলের অভিযোগ, ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা ও ট্রেনের পাদানীর মধ্যে ব্যবধান বেশি হওয়ায় যাত্রীদের ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হয়। স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ চলন্ত ট্রেনে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন