শিরোনাম
স্বপন কুমার সিং, বিশেষ প্রতিনিধি:
প্রকাশ: ০১:০৯, ১৯ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গেটম্যানবিহীন একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) সরাইল উপজেলার চাঁনমনি পাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। আহত চালক মো. তানিম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয়নগর থেকে সরাইলগামী একটি প্রাইভেটকার মুকুন্দপুর রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম সাদকে মৃত ঘোষণা করেন। আহত চালক চিকিৎসাধীন রয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি লাইনের ওপর আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেস এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় সেখানে কোনো গেটম্যান দায়িত্বে ছিলেন না বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশীতদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং গেটম্যান নিয়োগ নিশ্চিত করার দাবি উঠেছে।