শিরোনাম
প্রকাশ: ১৪:৫৩, ১৪ জুলাই ২০২৬
পাবনায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অনু আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনু আক্তার পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়ার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে পাবনা শহরের পাশে সিঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেড়া উপজেলার ঢালারচর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করে। পরে রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।