শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৪, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৪৫, ১৮ জুলাই ২০২৬
বাংলাদেশ রেলওয়ের চলমান সংকট, লোকোমোটিভ ক্রয়, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন আলোচিত অভিযোগ নিয়ে ‘রেলের অন্দর মহলে কী চলছে?’ শীর্ষক সংলাপ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই ২০২৬ , সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির উদ্যোগে আয়োজিত এ সংলাপে রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হবে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নথি, তথ্য ও বিভিন্ন অভিযোগের সূত্র ধরে রেলওয়ের অভ্যন্তরীণ নানা বিষয় তুলে ধরা হবে।
আলোচনায় স্থান পাবে— ৩০টি নতুন লোকোমোটিভ ক্রয় প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ, ৭০টি লোকোমোটিভ ক্রয় প্রকল্প বাতিলের দায়, রেলওয়েকে ব্যর্থ প্রমাণে কোনো গোষ্ঠীর ভূমিকা রয়েছে কি না, রেলওয়ের সর্বোচ্চ পদকে ঘিরে কথিত প্রতিযোগিতা, এক্সেল লোডের শর্ত নিয়ে বিতর্ক, ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব এবং লোকোমোটিভের মূল্য নিয়ে ছড়ানো বিভিন্ন আলোচনা।
এ ছাড়া বিশেষ কোনো প্রতিষ্ঠানের স্বার্থে দেশের রেলসেবাকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের কথা জানানো হয়েছে।
সংলাপে সভাপতিত্ব করবেন সাংবাদিক ও কলামিস্ট মনিরুজ্জামান মনির, সভাপতি, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
আয়োজকরা রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অংশীজন, গণমাধ্যমকর্মী এবং আগ্রহী সবাইকে সংলাপ ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।