শিরোনাম
প্রকাশ: ১৫:২৮, ২১ জুলাই ২০২৬
রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তন্ময় বর্মন (৩০ ) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
প্রথমে গুরুতর আহত অবস্থা তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা তমাল জানান, চাকরির পরীক্ষার কোচিং করার উদ্দেশ্যে সকালে গাজীপুরের নিজ বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তার পা পিছলে নিচে পড়ে যায়। এতে তার বাম পা ট্রেনে চাকায় নিচে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তন্ময়ের গ্রামের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকায়। তার বাবার নাম তাপস বর্মন। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।