ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার | রেল নিউজ

প্রকাশ: ২১:১১, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ২১:১১, ২১ জুলাই ২০২৬

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই সাময়িক বরখাস্ত


পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে রাবি শিক্ষার্থীকে (যাত্রী) শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী ডিভিশনের এক জুনিয়র টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, পাকশী থেকে ২১ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, রাজশাহী টিটিই হেডকোয়ার্টারে কর্মরত জুনিয়র টিটিই মো. সুমন আলী গত ২১ জুলাই ঢাকাগামী ৭৫৯ নম্বর আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়াও এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে ক্যাম্পাসসংলগ্ন চারুকলা এলাকায় রেললাইন অবরোধ শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে তদন্তের স্বার্থে মো. সুমন আলীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, পাকশীতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, অভিযোগের তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য , মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে রাবি শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেন রাজশাহী স্টেশনে আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন