শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৯, ২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ পরিস্থিতিতে আগামীকাল ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, স্পেশাল ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে সিলেট স্টেশন থেকে ছেড়ে যাবে এবং পথে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রী ওঠানামার জন্য বিরতি দেবে। ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ স্টেশনে যাত্রী ওঠানামার জন্য থামবে। এছাড়া ঢাকা বিমানবন্দর স্টেশনে অপারেশনাল স্টপেজ থাকবে।
স্পেশাল ট্রেনের সময়সূচি
সিলেট ছাড়বে: সকাল ৮:৩০
কুলাউড়া পৌঁছাবে: ৯:২৭ | ছাড়বে: ৯:২৯
শ্রীমঙ্গল পৌঁছাবে: ১০:১৫ | ছাড়বে: ১০:১৭
শায়েস্তাগঞ্জ পৌঁছাবে: ১০:৫০ | ছাড়বে: ১০:৫২
বিমানবন্দর পৌঁছাবে: ১৩:৩৩ | ছাড়বে: ১৩:৩৫
ঢাকা পৌঁছাবে: ১৪:১০
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেশাল ট্রেনটির টিকিট অনলাইনে অথবা স্টেশন কাউন্টার থেকে অন্যান্য ট্রেনের মতোই সংগ্রহ করা যাবে।
হবিগঞ্জে দুর্ঘটনার কারণে বন্ধ থাকা সিলেট রুটে যাত্রীদের দুর্ভোগ কমাতে এই বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।