ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

১৯ চৈত্র ১৪৩২, ১৪ শাওয়াল ১৪৪৭

হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১১:০২, ২ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই প্রতিবেদন লেখার সময় আজ বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।

এদিকে ওই ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।আজ সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ আছে।বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান  বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন