শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৬:১১, ২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে যাচ্ছে।রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজ শেষে কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু করা হবে। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস চালু করা হবে। এরপর শায়েস্তাগঞ্জে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বর্তমানে শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে। অন্যদিকে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে রয়েছে বলে জানা গেছে।এর আগে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামত শেষে চলাচলের উপযোগী করা হয়।
এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।দীর্ঘ ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরছে।