শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ২২:৩৭, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৮, ২০ আগস্ট ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রেলক্রসিংয়ের গেট বন্ধ থাকায় এক ব্যক্তি গেটম্যানকে গেট তুলে দেওয়ার জন্য ধমক দিচ্ছেন। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, ‘মিটিং আছে বলে রেল ক্রসিংয়ের গেট খুলে দিতে লাইনম্যানকে ধমক দিলেন এক স্থানীয় নেতা।’
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। এটি মূলত একটি স্ক্রিপ্টেড বা পরিকল্পিত সচেতনতামূলক ভিডিও।
অনুসন্ধানে ভিডিওটির মূল উৎস হিসেবে ‘Train with Sayed’ নামের একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। ওই পেজে ভিডিওটি ২০২৫ সালের ১২ মার্চ প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘গেইট ম্যানের সাথে এক দফা হাতাহাতি || অতঃপর যা ঘটলো।’
ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যায়, শুরুতে একজন বাইকার রেলক্রসিংয়ের গেটম্যানের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং গেট খুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে তাকে গেটম্যানকে থাপ্পড় দেওয়ার হুমকিও দিতে দেখা যায়।
তবে ভিডিওটির ২ মিনিট ৪৬ সেকেন্ডের পর ওই বাইকার নিজেই জানান, এতক্ষণ যে ঘটনাটি দেখানো হয়েছে, সেটি পরিকল্পিত। এরপর তিনি রেলক্রসিংয়ের গেট পরিচালনার নিয়ম সম্পর্কে দর্শকদের সচেতন করেন।
ভিডিওতে বলা হয়, লেভেল ক্রসিংয়ের গেট কখন নামানো বা তোলা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা থাকে। গেটম্যান নিজের ইচ্ছামতো গেট পরিচালনা করতে পারেন না। এছাড়া ট্রেন চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিডিওর পরবর্তী অংশে গেট ভুল সময়ে তুলে দিলে সিগন্যাল ‘ডেনজার’ অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা এবং এর ফলে ট্রেন চালকের সামনে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করা হয়।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্থানীয় নেতা গেটম্যানকে ধমক দিয়েছেন’—এমন দাবি করে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, সেটি বিভ্রান্তিকর। ভিডিওটি বাস্তব ঘটনার ফুটেজ নয়; বরং রেলক্রসিংয়ের নিরাপত্তা ও গেট পরিচালনার নিয়ম সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্মিত একটি পরিকল্পিত ভিডিও।
ভিডিওটির নির্মাতা বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী এবং তিনি রেলওয়ের বিভিন্ন বিষয় ও নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে থাকেন।