ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

রেলের অভিযোগের পর সেবা বন্ধের ঘোষণা BookMyRail BD-এর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৩৪, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৫, ৮ অক্টোবর ২০২৬

রেলের অভিযোগের পর সেবা বন্ধের ঘোষণা BookMyRail BD-এর

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে বাংলাদেশ রেলওয়ের কঠোর অবস্থানের পর নিজেদের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে BookMyRail BD।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, bookmyrailbd.com একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট। রেলের দাবি, স্বয়ংক্রিয় বট (Automated BOT) ব্যবহার করে ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত মূল্যে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় ওয়েবসাইটটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ডোমেইন, সংশ্লিষ্ট আইপি ও মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে রেলের অভিযোগের পর নিজেদের অবস্থান জানিয়ে BookMyRail BD বলেছে, তারা সাধারণ মানুষের জন্য বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটার প্রক্রিয়া সহজ করতে অটোমেশনের মাধ্যমে সেবা চালু করেছিল।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করে, “আমরা কখনও একটি টিকিটও নিজের হাতে আটকে রাখিনি বা বিক্রির জন্য মজুত করিনি। কোনো দালাল চক্রের সঙ্গে আমরা কখনও যুক্ত ছিলাম না, থাকবও না।” তাদের ভাষ্য, দালালদের বিরুদ্ধে দাঁড়ানোর লক্ষ্যেই সেবাটি তৈরি করা হয়েছিল, যাতে সাধারণ মানুষও টিকিট পাওয়ার ন্যায্য সুযোগ পান।

BookMyRail BD আরও জানায়, কর্তৃপক্ষ তাদের সেবা নিয়ে স্বস্তিতে না থাকায় সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার থেকে তাদের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সেবাটি ব্যবহারকারী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, মানুষের পাশে দাঁড়ানোর তাদের উদ্দেশ্য বদলাবে না।

এদিকে রেলওয়ে কতৃপক্ষ যাত্রীদের শুধুমাত্র অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট ও Rail Sheba অ্যাপের মাধ্যমে টিকিট কেনার আহ্বান জানিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন