ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম, বিদায় নিলেন শাহ সুফি নূর মোহাম্মদ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৫০, ২৯ নভেম্বর ২০২৬

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম, বিদায় নিলেন শাহ সুফি নূর মোহাম্মদ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাইফুল ইসলাম। অন্যদিকে, দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন কারখানার বিদায়ী বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ। তাঁকে বাংলাদেশ রেলওয়ের ঢাকার রেলভবনে পরিচালক (যান্ত্রিক) পদে পদায়ন করা হয়েছে।

এ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায় ও বরণ অনুষ্ঠান। এতে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে তৈরি হয় আবেগঘন পরিবেশ। তাঁরা বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত বিভাগীয় তত্ত্বাবধায়ককে ফুল দিয়ে বরণ করে নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলির আদেশ জারির পরও নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক যোগদান না করা পর্যন্ত কারখানার দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে দায়িত্ব পালন করে গেছেন শাহ সুফি নূর মোহাম্মদ। তাঁর এই দায়িত্বশীলতা ও পেশাদারত্বের বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরেন সহকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (ডিইই) খাইরুল ইসলাম, উৎপাদন প্রকৌশলী (পিই) ও অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মব্যবস্থাপক (ডব্লিউএম) জাহিদ হাসান এবং জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ মারুফসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে শাহ সুফি নূর মোহাম্মদের ভূমিকা প্রশংসনীয়। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও নেতৃত্ব সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নবাগত বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামের যোগদানে কারখানার উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে ঐতিহ্যবাহী এ কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে তাঁর নেতৃত্বে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, সৈয়দপুর রেলওয়ে কারখানার দায়িত্ব ছাড়ার পর শাহ সুফি নূর মোহাম্মদ বাংলাদেশ রেলওয়ের রেলভবনে পরিচালক (যান্ত্রিক) হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন