শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৫৮, ২৯ নভেম্বর ২০২৬
জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-সরিষাবাড়ী-যমুনা সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রেললাইন মেরামত করেন। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে এ নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করা হয়েছিল। এতে সাময়িকভাবে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।