শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:০৬, ২৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মেইন রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও সংশ্লিষ্ট টহল দল। এ সময় তার কাছ থেকে পাঁচটি প্যাডেল ক্লিপ উদ্ধার করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে সিজিএমওয়াই এলাকার বাইরে মেইন গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মেইন রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নাশকতার উদ্দেশ্যে রেললাইনের ক্লিপ খোলার সময় সিজিএমওয়াই ইউনিটের ইনচার্জ অজয় বিশ্বাস এবং গোয়েন্দা শাখা চট্টগ্রামের এএসআই ইমন মজুমদারসহ দায়িত্বে থাকা আরএনবি ও আনসার সদস্য এবং গোয়েন্দা শাখার টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তার পিতার নাম মৃত মীর হোসেন এবং মাতার নাম খুশী। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার সাতবাড়িয়া গ্রামে।
আটকের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, "রেলপথে যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার মতো ঘটনা রেল চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।