শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:০৭, ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট, ঢাকা বিভাগীয় কমিটির ২০২৬-২০২৭ অর্থবছরের অনুদান গ্রহণের জন্য আগ্রহী কর্মচারীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বিভাগীয় পার্সোনেল অফিসার (ডিপিও), বাংলাদেশ রেলওয়ে, ঢাকার কার্যালয় থেকে জারি করা পত্রে (স্মারক নং- ৫৪.০১.০০০০.২০২.০২.০০২.২০-০২, তারিখ: ২৫-১১-২০২৬ খ্রি.) ঢাকা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তাকে বিষয়টি সংশ্লিষ্ট কর্মচারীদের অবহিত করার অনুরোধ জানানো হয়।
পত্রে বলা হয়, ঢাকা বিভাগীয় কমিটির আওতাভুক্ত প্রত্যেক কর্মচারী অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে কেবলমাত্র রেলভবন, ডিএসটি/টেলিকম, ডব্লিউএম/ডিজেল এবং এসিওএস স্টোরস/ঢাকা দপ্তরে কর্মরত কর্মচারীরা এই আবেদনের আওতাভুক্ত হবেন না। এই চারটি দপ্তর ব্যতীত ঢাকা বিভাগের অন্য সকল দপ্তরের কর্মচারীরা আবেদন করতে পারবেন।
যে সকল খাতে অনুদান দেওয়া হবে:
সাধারণ ও জটিল রোগের চিকিৎসা, চশমা এবং শিক্ষা খাতে অনুদান প্রদান করা হবে। একজন সরকারি কর্মচারী যেকোনো একটি খাতের অনুকূলে সাহায্য প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। একই সাথে একাধিক খাতে আবেদন করা যাবে না।
আবেদনের নিয়ম ও সময়:
আগ্রহী প্রার্থীদের কল্যাণ ট্রাস্টের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, চশমা ক্রয়ের ও চিকিৎসা গ্রহণের রশিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি/বেতন প্রদানের রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র আগামী ২৬-১১-২০২৬ খ্রি. হতে ১৫-১২-২০২৬ খ্রি. এর মধ্যে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে (সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত) স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে ডিপিও/ঢাকার দপ্তরে প্রেরণ/দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পত্রে আরও জানানো হয়, এই বিজ্ঞপ্তি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম)/ঢাকা মহোদয়ের সম্মতিক্রমে জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগীয় পার্সোনেল অফিসার (অ.দা.), বাংলাদেশ রেলওয়ে, ঢাকা জনাব আশিক ইবনে আজিজ।