ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ডুয়েল গেজ হবে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, কাজ করবে চীনা প্রতিষ্ঠান

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩:০৪, ২৭ নভেম্বর ২০২৬

ডুয়েল গেজ হবে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, কাজ করবে চীনা প্রতিষ্ঠান

চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ পাচ্ছে চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। এ প্রকল্পের দুটি প্যাকেজের পূর্ত কাজের জন্য মোট ৪ হাজার ৬২৯ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ৫১৫ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে একটি প্যাকেজের কাজ করবে চীনা প্রতিষ্ঠানটি। অন্য প্যাকেজের কাজ করবে দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের পূর্ত কাজ পেয়েছে ঢাকার ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এ কাজের জন্য ব্যয় হবে ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ ১৩ হাজার ৪০৩ টাকা।

অন্যদিকে ডব্লিউডি-২ প্যাকেজের কাজ পেয়েছে চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। এ প্যাকেজে ব্যয় হবে ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ ১১ হাজার ১১২ টাকা। উভয় প্যাকেজের ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে। দুটি প্যাকেজের ব্যয়ই ট্যাক্স ও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। পূর্ত কাজের জন্য ওয়ান স্টেজ টু এনভেলপ পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে ডব্লিউডি-১ প্যাকেজে সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। অন্যদিকে ডব্লিউডি-২ প্যাকেজে ১১টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) কারিগরিভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ডব্লিউডি-১ প্যাকেজে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং ডব্লিউডি-২ প্যাকেজে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডকে নির্বাচনের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই প্রতিষ্ঠান দুটির অনুকূলে কাজ দেওয়ার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে গুমদণ্ডী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। পাশাপাশি পাহাড়তলী থেকে ঝাউতলা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হবে। এ অংশে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সংশ্লিষ্ট অন্যান্য পূর্ত কাজও করা হবে। ডব্লিউডি-১ প্যাকেজের আওতায় এসব কাজ বাস্তবায়িত হবে।

অন্যদিকে ডব্লিউডি-২ প্যাকেজের আওতায় চট্টগ্রাম থেকে গুমদণ্ডী হয়ে দোহাজারী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। এ প্যাকেজে রেলপথ রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পূর্ত কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-দোহাজারী রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের এ প্রকল্প ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন