ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬

১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৮ জ্বিলকদ ১৪৪৭

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৪, ১৫ মে ২০২৬ | আপডেট: ১৮:৫৫, ১৫ মে ২০২৬

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার বাংলাদেশি।

স্থানীয় সময় মঙ্গলবার আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। তিনি জীবিকার সন্ধানে মাত্র ১০–১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে পাঁচজন বাংলাদেশি নাগরিক ছিলেন। রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে দ্রুত উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বয়স ৩১ থেকে ৪৯ বছরের মধ্যে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর আলগার্ভ রেললাইনের পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধার অভিযান শেষ হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি ট্রেনের সামনে চলে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত রাম প্রসাদের ছোট ভাই শ্যাম সরকার বলেন, তার ভাই অনেক আগে থেকেই কোনো উন্নত দেশে যাওয়ার স্বপ্ন দেখতেন। স্বপ্ন পূরণের পর তার এই করুণ মৃত্যু আমরা মানতে পারছি না। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

তার মরদেহ দেশে ফেরা নিয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে তার মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন