ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

৭ আষাঢ় ১৪৩৩, ০৫ মুহররম ১৪৪৮

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইয়ে বাধা, শিক্ষার্থীকে ছুরিকাঘাত

স্বপন কুমার সিং, বিশেষ সংবাদদাতা

প্রকাশ: ০৯:৪১, ২১ জুন ২০২৬ | আপডেট: ০৯:৪১, ২১ জুন ২০২৬

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইয়ে বাধা, শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইয়ের প্রতিবাদ করায় তোফায়েল ইসলাম (২০) নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুরে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন রেল নিউজকে জানান, চলন্ত ট্রেনে ছিনতাইয়ের চেষ্টায় বাধা দেওয়ায় দুর্বৃত্তরা শিক্ষার্থী তোফায়েল ইসলামের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

আহতের স্বজন রাইতুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টলা এক্সপ্রেসে যাত্রা শুরু করেন তোফায়েল। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দুই বগির সংযোগস্থলের কাছে তার পকেট থেকে একটি আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার কোমরে আঘাত করে এবং চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়। তবে তারা মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে পারেনি।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, তোফায়েলের কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন।

রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনে টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন যাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন