ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২১ জ্বিলহজ্জ ১৪৪৭

"ট্রেনের ছাদে ভ্রমণের মাশুল, গাছের ডালে ধাক্কা লেগে আহত ২ যুবক"

স্বপন কুমার সিং, শ্রীমঙ্গল সংবাদদাতা

প্রকাশ: ০১:১৯, ৭ জুন ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (৬ জুন) বিকেল প্রায় ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর উত্তরসুর এলাকার কলেজ গেট সংলগ্ন রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক ট্রেনের ছাদে বসে যাত্রা করছিলেন। ট্রেনটি উত্তরসুর এলাকায় পৌঁছালে রেললাইনের পাশের একটি গাছের ডালের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে তারা ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. এনামুল (২৫) ও মো. সিয়াম (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীদের বারবার সতর্ক করা হলেও অনেকেই নিয়ম অমান্য করে ছাদে ওঠেন। এতে নিজেদের জীবন যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি রেল চলাচলের নিরাপত্তাও বিঘ্নিত হয়।

এদিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রীচাপ ও ভিড়ের কারণে তারা ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করছিলেন। চলন্ত অবস্থায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের নিরাপদ ভ্রমণের স্বার্থে ট্রেনের ছাদে না ওঠার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন