শিরোনাম
প্রকাশ: ১৭:০৪, ১ জুলাই ২০২৬
রংপুর প্রতিনিধি: রংপুর রেলওয়ে স্টেশনের বাবুপাড়া রেলগেট সংলগ্ন হেলাল প্রেস এলাকায় হেডফোন লাগিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে করতে রেললাইন ধরে হাঁটার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাফিজুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত হাফিজুল পেশায় একটি ওষুধ কোম্পানির কর্মী ছিলেন। দুই বছর আগে তার বিয়ে হয়। তার স্থায়ী বাড়ি কুড়িগ্রামের ধরলা এলাকায়। তবে গত ছয় মাস ধরে তিনি রংপুর শহরের রেললাইনের পাশের 'পাট বাড়ি' এলাকায় মামার নতুন কেনা বাড়িতে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় হাফিজুল কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে করতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে সরে যাওয়ার জন্য বারবার চিৎকার করলেও তিনি তা শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে ভ্যানে করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে আলমনগর এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ রংপুর ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। তিনি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেন। তবে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ময়নাতদন্তে আপত্তি জানালে আইনগত আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, রেললাইন ধরে হাঁটার সময় মোবাইল ফোন ব্যবহার ও হেডফোন লাগিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।