শিরোনাম
প্রকাশ: ০০:০০, ২৫ জুন ২০২৬
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে এক আয়কর আইনজীবী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী হিসাবরক্ষক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চোখে মারাত্মক জখম হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি চোখ অপসারণ করতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামগামী ‘তূর্ণা নিশীথা’ ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় একটি পাথর ট্রেনের ভেতরে থাকা আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত হানে।
অন্যদিকে, পরদিন মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার পৈরতলা এলাকায় পৌঁছালে ট্রেনে নিক্ষিপ্ত আরেকটি পাথরে আহত হন ঢাকার স্বপ্ন কুটির বিল্ডার্সের নির্বাহী হিসাবরক্ষক নাইমুল হাসান।
শ্যামল চন্দ্র দাসের স্বজনরা জানান, আহত অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেও চিকিৎসকরা তার ক্ষতিগ্রস্ত চোখটি রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত তার ডান চোখ অপসারণ করতে হয়েছে।
আহত নাইমুল হাসান বলেন, ‘মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করছিল। আমি নামার জন্য দরজার কাছে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি পাথর এসে মাথায় আঘাত করলে রক্তক্ষরণ শুরু হয়। পরে সহযাত্রীরা আমাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে আমার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।’
ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও তা প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ‘ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রী আহত হওয়ার খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।’
এদিকে রেলযাত্রীদের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।