ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

১৫ আষাঢ় ১৪৩৩

২১৬ ভোটের ব্যবধানে খ-গ্রুপের শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হলেন লুৎফর রহমান

হোসাইন রাজিব, লালমনিরহাট

প্রকাশ: ২১:০৪, ২৯ জুন ২০২৬

২১৬ ভোটের ব্যবধানে খ-গ্রুপের শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হলেন লুৎফর রহমান

বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত লালমনিরহাট বিভাগের খ গ্রুপের শ্রমিক প্রতিনিধি নির্বাচন-এ মোরগ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে লুৎফর রহমান (মোরগ প্রতীক) পেয়েছেন ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকের প্রার্থী মুহাম্মদ মাইদুল ইসলাম পেয়েছেন ১৮৩ ভোট। ফলে লুৎফর রহমান ২১৬ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করে খ গ্রুপের শ্রমিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে লালমনিরহাট কেন্দ্রে লুৎফর রহমান পান ১০৬ ভোট, হাতীবান্ধায় ৪, কুড়িগ্রামে ৮, রংপুরে ২৪, বামনডাঙ্গায় ১০, গাইবান্ধায় ১২, বোনারপাড়ায় ৩০, বগুড়ায় ৫০, সান্তাহারে ২১, পার্বতীপুরে ৫২, দিনাজপুরে ৫০ এবং ঠাকুরগাঁও কেন্দ্রে ৩২ ভোট। অন্যদিকে মুহাম্মদ মাইদুল ইসলাম যথাক্রমে ৭৫, ১০, ১২, ১২, ২, ৮, ৫, ১০, ৩, ২৪, ২ ও ২০ ভোট লাভ করেন।
ফলাফল ঘোষণার পর লুৎফর রহমানের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্টেশন থেকে আগত রেলওয়ে কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সমর্থকরা এ বিজয়কে শ্রমিকদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বিজয়ী লুৎফর রহমান বলেন, “আমার ওপর আস্থা রেখে যারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। এই বিজয় শুধু আমার নয়, এটি লালমনিরহাট বিভাগের সকল রেলওয়ে শ্রমিকের বিজয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, শ্রমিকদের স্বার্থই হবে আমার একমাত্র অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার, নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞ। মতভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রেলওয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।”

নির্বাচনের এ ফলাফলে লালমনিরহাট বিভাগের বিভিন্ন স্টেশনের রেলওয়ে কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত শ্রমিক প্রতিনিধি লুৎফর রহমানের নেতৃত্বে শ্রমিকদের অধিকার ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন