শিরোনাম
হোসাইন রাজিব, লালমনিরহাট
প্রকাশ: ২২:০৯, ২৯ জুন ২০২৬
বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত প্রকৌশল, রেলওয়ে নিরাপত্তা ও সংস্থাপন বিভাগের প্রতিনিধি নির্বাচন-এ ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সোমবার (২৯ জুন) দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মো: সাইদুর রহমান (ছাতা প্রতীক) পেয়েছেন ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলম প্রতীকের প্রার্থী মো: রেনায়েল আলম পেয়েছেন ২৯২ ভোট। ফলে ৪৩৯ ভোটের বিশাল ব্যবধানে বিজয় অর্জন করে তিনি প্রকৌশল, রেলওয়ে নিরাপত্তা ও সংস্থাপন বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
কেন্দ্রভিত্তিক ফলাফলে লালমনিরহাট কেন্দ্রে মো: সাইদুর রহমান পান ১০৫ ভোট এবং মো: রেনায়েল আলম পান ৬৭ ভোট। হাতীবান্ধা কেন্দ্রে যথাক্রমে ৩০ ও ৩২, কুড়িগ্রামে ৮২ ও ৬, রংপুরে ৩৪ ও ৫৩, বামনডাঙ্গায় ২৮ ও ৪৫, গাইবান্ধায় ৩১ ও ২০, বোনারপাড়ায় ৮০ ও ১২, বগুড়ায় ৯৩ ও ২৯, সান্তাহারে উভয় প্রার্থীই কোনো ভোট পাননি। এছাড়া পার্বতীপুর কেন্দ্রে ৭৫ ও ৪, দিনাজপুরে ৯৩ ও ১০ এবং ঠাকুরগাঁও কেন্দ্রে যথাক্রমে ৮৭ ও ১৪ ভোট লাভ করেন।
ফলাফল ঘোষণার পরপরই মো: সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্টেশন থেকে আগত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমর্থকরা এই বিজয়কে প্রকৌশল, রেলওয়ে নিরাপত্তা ও সংস্থাপন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার বিজয় হিসেবে অভিহিত করেন।
বিজয়ী মো: সাইদুর রহমান বলেন, "যারা আমার প্রতি আস্থা রেখে মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি আমাদের সকল রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত বিজয়। আমি দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সবার ন্যায্য অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাব। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি কল্যাণমুখী ও ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।"
নির্বাচনের এই ফলাফলকে কেন্দ্র করে বিভাগজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে প্রকৌশল, রেলওয়ে নিরাপত্তা ও সংস্থাপন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।