শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৩৬, ১১ জুলাই ২০২৬
স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবির এক যুবক।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার আগে তিনি স্টেশনে নিজের সাইকেল রেখে মোবাইল ফোনে কথা বলছিলেন এবং কিছু লিখছিলেন।
আত্মহত্যার আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, স্ত্রী তাকে ভুল বুঝেছেন এবং তিনি চলে যাচ্ছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের কাছে নিজের রেখে যাওয়া গরু বিক্রি করে ঋণ পরিশোধ করার অনুরোধও করেন।
পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তাদের একমাত্র ছেলে আয়ানকে আশরাফুল খুব স্নেহ করতেন।
পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, ঘটনাটি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।