ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

২৭ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাজ্য পরিবহন সহযোগিতা জোরদারে লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৪, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৫, ১১ জুলাই ২০২৬

বাংলাদেশ-যুক্তরাজ্য পরিবহন সহযোগিতা জোরদারে লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী *শেখ রবিউল আলম* লন্ডনে যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী হেইডি আলেকজান্ডার -এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পরিবহন, রেলপথ, নৌপরিবহন, বন্দর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা হেইডি আলেকজান্ডারের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সমর্থনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে এবং গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি (OKTB)এবং অন্যান্য ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজতর করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন এবং বন্দরভিত্তিক শিল্পে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সম্প্রসারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী জানান, বাংলাদেশ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং অবশিষ্ট ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে।

বৈঠক শেষে শেখ রবিউল আলম হেইডি আলেকজান্ডার কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষই পরিবহন, রেলপথ, নৌপরিবহন, বন্দর উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন