ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩

পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

প্রকাশ: ০০:৪৮, ১৭ জুলাই ২০২৬

পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন

নতুন চালু হতে যাওয়া পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতি রাখার দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে।

 

'ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোট'-এর আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

ঈশ্বরদীর সর্বস্তরের মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

 

জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিকুর রহমান লুলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, রাজনীতিক আতাউর রহমান পাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, পাকশী শাখার সম্পাদক খোন্দকার সোহেল রানা, শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আকরাম রায়হান বাবু, সাইফ হাসান সেলিম প্রমুখ।

 

বক্তারা বলেন, “আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি, জেলাবাসীর সুবিধার্থে শীঘ্রই পাবনা শহর থেকে ঢাকামুখী একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে। এ নিয়ে রেলওয়েতে প্রস্তুতিও চলছে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমও গত ২০ জুন পাবনা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে নতুন ট্রেন আগামী আগস্টে পাবনা শহর থেকে চালু করা হবে বলে জানিয়েছেন। তবে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে গভীরভাবে লক্ষ্য করছি, প্রস্তাবিত ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন উপেক্ষা করে অন্য স্টেশন দিয়ে চলাচলের পরিকল্পনা চলছে; যা ঈশ্বরদীবাসী কোনোভাবেই মেনে নেবে না।”

 

এ সময় তারা ঈশ্বরদীতে যাত্রাবিরতির দাবি জোর দিয়ে জানিয়ে বলেন, “নতুন ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে না আনা হলে এবং যাত্রী পরিবহন না করা হলে রেল চরম লোকসানের মধ্যে পড়বে এবং যাত্রী হারাবে। এছাড়াও ঈশ্বরদীর পাশ্ববর্তী কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, পোড়াদহ, নাটোরের লালপুর, গোপালপুর, বাগাতিপাড়াসহ আশপাশের লক্ষাধিক মানুষ ট্রেন পরিবহনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। আমরা অধিকারবঞ্চিতের বিষয়টি মেনে নিতে পারি না। এ অবস্থায় ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলের জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সর্বস্তরের নাগরিকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন