ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩

রেল, বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

সেলিমুর রহমান

প্রকাশ: ২০:৫৯, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫৯, ১৬ জুলাই ২০২৬

রেল, বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

ঢাকা: বাংলাদেশের রেলপথ উন্নয়ন ও আধুনিকীকরণে বড় ধরনের বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের রেলপথ, বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সর্বোচ্চ ১০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পরিবহন ও সরবরাহসেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ।

বৈঠকে প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশের রেলপথ খাতে বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করেছে এবং এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। রেলপথের পাশাপাশি বন্দর ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও সৌদি বিনিয়োগের আগ্রহ রয়েছে।

প্রতিনিধিদল আরও জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটি বে টার্মিনাল উন্নয়নে ১৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশের বন্দর খাতে মোট বিনিয়োগ ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনাও করছে। এছাড়া সৌদি আরবের আরও কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগে আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতি এবং রেলপথসহ বিভিন্ন অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেওয়া উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

বিশ্লেষকদের মতে, সৌদি বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক রেলসংযোগ সম্প্রসারণ, মালবাহী পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ সফর এবং দেশের রেলপথসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। জবাবে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানায়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন