শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৬ জুলাই ২০২৬
প্রকাশ: ১৫:৪৪, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৪৫, ১৬ জুলাই ২০২৬
রেলওয়ে সূত্রে জানা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় দুই ব্যক্তিকে মাথায় সাদা প্লাস্টিকের বস্তা বহন করে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় দায়িত্বরত আরএনবি সদস্যদের। পরে তাদের আটক করে বস্তাটি তল্লাশি করলে বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ নম্বর ২৯০৪-এর গুরুত্বপূর্ণ আন্ডার গিয়ার ক্যাসিং অংশ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. দুলাল (পিতা: মো. সফি মিয়া) এবং আকাশ (পিতা: দেলোয়ার মোড়ল)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মধ্যবর্তী রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় যন্ত্রাংশটি পড়ে থাকতে দেখে তারা সেটি নিয়ে যাচ্ছিলেন। তবে উদ্ধার হওয়া রেলওয়ের মালামালের বৈধ মালিকানা বা বহনের পক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।
এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে উদ্ধারকৃত যন্ত্রাংশসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি রেলওয়ে (সম্পত্তি অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬-এর ৪ ধারার আওতাভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। রেলওয়ের সম্পদ সুরক্ষা ও চুরি-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।