শিরোনাম
প্রকাশ: ০০:৫৩, ১৭ জুলাই ২০২৬
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ধোঁয়া ও আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
এ দিন খানা জংশন ও তালিতের মাঝে ২২৩৮৭ ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। ইঞ্জিনের ঠিক পরে যে কামরা রয়েছে, সেটারই নীচ থেকে প্রথমে ধোঁয়া ও আগুন দেখা দেয়। বিষয়টি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেলের কাছে খবর যাওয়া মাত্র তালিত স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয় ট্রেন।
আগুন নেভানোর কাজ শুরু করেন রেলকর্মীরা। কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রের খবর। যাত্রীরা জানিয়েছেন, বিকেলে ধানবাদ থেকে হাওড়ার দিকে রওনা দেয় ট্রেনটি। প্রথমে পানাগড়ের কাছে ট্রেনটিতে কোনও একটি সমস্যা হয়। পরে তালিতের কাছে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ইঞ্জিনের ঠিক পরে থাকা কামরার নীচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখেন যাত্রীরা। দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, ইঞ্জিনের পরের কামরায় ব্রেক বাইন্ডিং থেকে সমস্যা হয়েছিল। তালিতের কাছে রাত পৌনে আটটা নাগাদ ওই সমস্যা দেখা দেয়। পরে রাত ৮টা ২০ মিনিটে সমস্যা মিটিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য রওনা হয়।