শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | রেল নিউজ
প্রকাশ: ২১:১৪, ১৬ জুলাই ২০২৬
রেল ভবনে অনাকাঙ্ক্ষিত ও অহেতুক লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণে সম্প্রতি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে রেল ভবনের প্রধান প্রবেশদ্বারে অটোমেটিক এক্সেস কন্ট্রোল গেট স্থাপন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য ধাপে ধাপে এক্সেস কার্ড ইস্যুর কার্যক্রম চলছে।
নতুন ব্যবস্থার আওতায় রেল ভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি রেল ভবনের বাইরে কর্মরত বিভাগীয় প্রধানদেরও এক্সেস কার্ড প্রদান করা হবে। অন্যদিকে দর্শনার্থীদের নির্ধারিত পাস নিয়ে প্রবেশ করতে হবে, যা অনুমোদিত পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে ইস্যু করা হবে।
এই প্রক্রিয়ার মধ্যেই একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, এমপি। বিশেষ কোনো ব্যতিক্রমী সুবিধা গ্রহণ না করে তিনি নিজেও রেল ভবনে প্রবেশের জন্য নিয়ম অনুযায়ী এক্সেস কার্ডের আবেদন করেছেন।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. নাজমুল হুদা তাঁর পক্ষে আবেদনপত্র জমা দেন। এ বিষয়ে রেল নিউজের সঙ্গে কথা হলে নাজমুল হুদা আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনায়ই আবেদনটি করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী সকল কর্মকর্তা-কর্মচারীর মতো একই নিয়ম অনুসরণ করে এক্সেস কার্ড ব্যবহার করে রেল ভবনে প্রবেশ করতে চান। তিনি মনে করেন, যে নিয়ম সবার জন্য প্রযোজ্য, সেটিই তাঁর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।”
রেল সংশ্লিষ্টদের মতে, প্রতিমন্ত্রীর এই উদ্যোগ সরকারি দপ্তরে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সমতার নীতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নতুন নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ও নিয়ম মেনে চলার একটি ইতিবাচক বার্তাও বহন করবে।