শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৯:৫১, ১৬ মে ২০২৬
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ করতে আজ চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে সম্ভাব্য ঈদের দিন ধরে আজ শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ২৬ মের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতোই শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ দুই শিফটে টিকিট পাওয়া যাবে। শনিবার (১৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।
জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মের আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে এবং ২৫ মের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন, ২৭ মের আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।