শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩৬, ৭ মে ২০২৬
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রেলপথে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, নাশকতা ও কালোবাজারি প্রতিরোধসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেলওয়ের জায়গা, রেললাইন সংলগ্ন এলাকা ও স্টেশনের প্রবেশপথে অনুমতি ছাড়া কোরবানির পশুর হাট স্থাপন না করার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৫ মে ২০২৬ তারিখ বিকেল ৩টায় রেলভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ডিএমপি কমিশনার মো. সরওয়ার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বানুমোদন ছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের আওতাধীন কোনো এলাকায় রেলওয়ের খোলা জায়গা, রেললাইন ঘেঁষা এলাকা এবং রেলস্টেশনের প্রবেশপথে কোরবানির পশুর হাট স্থাপন করা যাবে না।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শাহজাহানপুর রেলওয়ে কলোনির অভ্যন্তরে পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত হয়ে থাকলে তা শুধুমাত্র মৈত্রী সংঘ মাঠ সংলগ্ন এলাকায় সীমাবদ্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, রেললাইনের কাছাকাছি কোনো স্থানে পশুর হাট স্থাপনের অনুমতি দেওয়া হলে সংশ্লিষ্ট ইজারাদারকে অবসর রেললাইনের পাশ ঘেঁষে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে শক্ত ঘেরাবেষ্টনী নির্মাণ করতে হবে। এ ঘেরাবেষ্টনী এমনভাবে স্থাপন করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার আহ্বান জানানো হয়।
ঢাকা মহানগরের অভ্যন্তরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকার সার্বিক তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নির্বিঘ্ন ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।